ঢাকার সাভারে রিপন ঋষি নামে এক কিশোরকে মারধর করে দৃষ্টিশক্তি হারানোর মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুর হোসেন সামিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাহাবুর হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার মারধরে দৃষ্টিশক্তি হারিয়েছে এক কিশোর। সেই মামলার প্রধান আসামি সামির। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আরো মামলা রয়েছে। গ্রেফতার সামিককে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মাহফুজুর রহমান নিপু/কেএইচকে








