ঢাকার সাভারে শয়নকক্ষ থেকে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা হয়। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশীর হাজী নগর এলাকার ইউসুফ আলীর মালিকানাধীন ভাড়া বাড়িতে তৃতীয় তলার পূর্ব পাশের ফ্লাটে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

শারমিন আক্তার লিজা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে নিয়ে আমিন বাজার ভাড়া বাসায় থেকে প্রসাধনী কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার জেরিন তার বান্ধবীর বাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় বাসায় ফিরে শারমিন আক্তারের মরদেহ বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। এরপর প্রতিবেশীরা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে সাভার মডেল থানায় খবর দেন।

সাভার মডেল থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। তবে নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। 

এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।