বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বড়পর্দায় খেলা দেখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। তবে প্রক্টরের দাবি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি টেকনিক্যাল কারণে ঘটেছে। এদিকে সেখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের চিহ্নিত করতে সহকারী প্রক্টর অধ্যাপক মনযুর উল হায়দারের বিরুদ্ধে ফোনে ভিডিও এবং ছবি তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটি বড়পর্দায় দেখার সময় বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে খেলা দেখানোর অনুমতি দেয়নি প্রশাসন। পরে প্রতিবাদ স্বরূপ জাপান বনাম ব্রাজিলের খেলা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ না করে মোবাইল ও ল্যাপটপে খেলা দেখা চালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে খেলা দেখতে সম্মতি দেন। এদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় খেলা দেখানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের একাংশ। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মঙ্গলবার তারা প্রশাসনের প্রতি এ দাবি করেন।







