দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর। সেটা তোমার স্কুলে হতে পারে বা বাসার আশপাশে। যেখানে সুযোগ আছে, সেখানেই একটি করে গাছ রোপণ করবে। তোমাদের সবার কাছে আমার এই অনুরোধ।’প্রধানমন্ত্রী আরও বলেন, গাছ কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং তা মানুষের কী কী উপকারে আসে, সে বিষয়ে শিশুদের পড়াশোনা ও ইন্টারনেটে গবেষণা করতে হবে। তিনি বলেন, ‘গাছগুলো যখন বড় হবে, তখন স্কুলের বন্ধুরা খেলার ফাঁকে তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে। আর বাসায় গাছ লাগালে তার সুবাতাস ও শীতল পরিবেশে ঘরও ঠান্ডা থাকবে। এসো, আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলি।’অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা বিকাশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এই মেধা অন্বেষণ করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ১২ হাজার ৩৮৪ জন ব্যক্তি এবং ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বিজয়ীদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।/
রাজনীতি
সবুজায়নে শিক্ষার্থীদের শামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন







