শাহজাদপুরের মশিপুর মধ্যপাড়া গ্রামে মিম খাতুন নামে এক গৃহবধূকে তার স্বামী রাসেল হোসেন শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে হত্যার পর ভূতে মেরেছে বলে প্রচার করা হয়েছে। নিহতের বাবা আব্দুল আলীম থানায় এ অভিযোগ করেছেন। ঘাতক স্বামী ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ বিষয়ে আব্দুল আলীম জানান, ‘এক বছর হলো রাসেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়া-বিবাদ ও অশান্তি চলছিল। প্রায়ই নানা কারণে রাসেল ও তার পরিবারের লোকজন মিমকে মারধর ও গালমন্দ করতেন। বৃহস্পতিবার বিকালে পুকুর থেকে হাঁস তাড়িয়ে আনাকে কেন্দ্র করে মিমের সঙ্গে রাসেলের ঝগড়া-বিবাদের একপর্যায়ে রাসেল মিমকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরে রেখে থাবায় (ভূত) ধরে মেরেছে বলে প্রচার করে। খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেলকে আটক করে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।’ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা রাসেল হোসেনকে আসামি করে একটি মামলা করেছেন।







