ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিত্তিপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তর মির্জাপুর গ্রাম ও বিত্তিপাড়া গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মসজিদটি দুই গ্রামের মধ্যবর্তী স্থানে হওয়ায় কমিটি গঠন নিয়ে জটিলতা দেখা যায়।

শনিবার রাত ৮টার দিকে উভয় গ্রামের লোকজন এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

এম শাহাজান/এমকেআর