আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একদিন পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। এরই মধ্যে ছড়িয়ে পড়া ভিডিও দেখে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিমসহ ৭৫ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলাটি করেন মো. হাসান (৫১) নামে এক ব্যক্তি। এর আগে গতকাল বৃহস্পতিবার পিএবি সড়কের বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।

গ্রেপ্তার দুজন হলেন—বৈরাগ ইউনিয়নের আব্দুর রহিম (৪২) ও চন্দনাইশ উপজেলার কানাইমাদারি এলাকার মো. সাইমন (২৩)।

শুক্রবার সন্ধ্যায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে মিছিলে নেতৃত্বকারী দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মিজানুর রহমানকে (৩২)।

পুলিশ জানায়, মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয় আরও ৫০ থেকে ৬০ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে হঠাৎ সড়কে ত্রাস সৃষ্টি করে। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জনগণের মাঝে ভয় সৃষ্টি করে এবং যান চলাচলে বাধার সৃষ্টি করে। মামলায় আসামিরা আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রচারের পর মো. হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা মিছিলের ভিডিও দেখে দুজনকে গ্রেপ্তার করেছি এবং অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’