টাঙ্গাইলের সখিপুরে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে হেনা বেগম (৪০) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা ১১টার দিকে উপজেলার হাতেয়া রাজাবাড়ী ইউনিয়নের হাতেয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হেনা বেগম ওই গ্রামের আবদুর রউফের স্ত্রী।পারিবারিক সূত্রের বরাতে পুলিশ জানায়, হেনা বেগম দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ও বুকের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতাজনিত তীব্র যন্ত্রণা সইতে না পেরে পরিবারের সদস্যদের অগোচরে আজ সকালে নিজ বসতঘরে কীটনাশক পান করেন তিনি। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।/