টাঙ্গাইলের সখিপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সাব্বির মিয়া (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম ইলিয়াস এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সাব্বির মিয়া উপজেলার দানিয়াপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সখিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন, চিকিৎসা সনদ, আলামত ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুর পরিবার অবিলম্বে তা কার্যকরের দাবি জানিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ সাজা দিয়েছেন।তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।