নরসিংদীর শিবপুর উপজেলার রাস্তার উন্নয়নকাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র দেবনাথ। নিয়ম মেনেই সব কাজ করা হচ্ছে দাবি করে তিনি মন্তব্য করেছেন, ফেসবুকে ‘ভিউ’ বা প্রচার পাওয়ার উদ্দেশ্যেই অনেকে রাস্তার কার্পেটিং তুলে প্রতিবাদ করছেন। পরিস্থিতি বিবেচনায় শিবপুরবাসীর জন্য প্রকৌশলবিদ্যার একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (২৯ জুন) সকালে শিবপুরে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পরিচয় ও মতবিনিময় সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।জানা যায়, সম্প্রতি শিবপুর উপজেলার খড়িয়ায় একটি রাস্তার কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা কাজের নিম্নমান নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।জেলা প্রশাসকের সামনে এই প্রসঙ্গের অবতারণা করে উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা শতভাগ নিয়ম মেনে এবং শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করছি। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, অনেকে শুধু ফেসবুকে ভিউ কামানোর জন্য ইচ্ছাকৃতভাবে ভালো রাস্তার কার্পেটিং টেনে তুলছেন এবং প্রতিবাদ করছেন।’বক্তব্যের একপর্যায়ে ক্ষোভ ও ব্যঙ্গাত্মক সুরে তিনি আরও বলেন, ‘বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে শিবপুরবাসীর জন্য প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বিষয়ক পড়াশোনার জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে।’প্রকৌশলীর এমন মন্তব্যে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় জনগণকে এভাবে কটাক্ষ করা একজন দায়িত্বশীল কর্মকর্তার উচিত হয়নি।
রাজনীতি
সমালোচকদের ‘ইঞ্জিনিয়ারিং’ পড়ার পরামর্শ দিলেন প্রকৌশলী

শেয়ার করুন







