নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশে অভিযোগ দিয়েছেন এক মা। পরে মাদকদ্রব্যসহ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ালিয়া গ্রামের আলামিন (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই নিজের মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে তিনি ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে আলামিনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম