পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহান বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তা-ই অবিকল তুলে ধরেন। রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি গণমাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।”পেশাদারত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোনো ধরনের পক্ষপাত ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই একজন আদর্শ সাংবাদিকের কাজ। প্রতিকূল পরিবেশ ও জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা যে দায়িত্ব পালন করেন, তা প্রশংসনীয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ।সভায় আরও বক্তব্য দেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, সদস্য জয়ভাঙ্গী, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।/