সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মীর হেলাল বলেন, সংবিধান সংশোধনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ও আইনমন্ত্রীর উপস্থিতিতে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের মধ্য দিয়েই সংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সরকারের লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী সংবিধান সংস্কার জানিয়ে তিনি বলেন, সে কারণে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া হবে না। বরং রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে দাবি করে প্রতিমন্ত্রী আরও বলেন, সেই চেতনা ধারণ করে সরকার বৈষম্য দূরীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।

এমআরএএইচ/এএসএ