চন্দনাইশে আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা
সোমবার চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাজারী পুকুর পাড়ে অবস্থিত নিউ আনারকলি নামে একটি আইসক্রিম ফ্যাক্টরি সিলগালা ও মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাথে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই ফ্যাক্টরি পাঁচ বছর ধরে শিশুদের স্বাস্থ্যহানিকর ভেজাল কেমিক্যাল ব্যবহার করে নানা রকমের রং মিশিয়ে আইসক্রিম তৈরি করছিল। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
কচুয়ায় দায়িত্ব অবহেলায় ২ শিক্ষক বহিষ্কার
কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলার জন্য দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিনে কেন্দ্রের পর্যবেক্ষক পৌরসভার আল ফাতেহা মাদ্রাসার সহকারী মৌলভী মোশাররফ হোসেন ও কোমারকাশা মাদ্রাসার সহকারী শিক্ষক মোতাহের হোসেনকে বহিষ্কার করা হয়। চাঁদপুর প্রতিনিধি
লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ছাত্রের বিষপান
লালপুরের চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে শ্রেণিকক্ষেই বিষপান করেছে। সোমবার দুপুরে এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে ওই ছাত্র বিষপান করে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধি
জয়পুরহাটে সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা
উৎপাদিত পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় সোমবার জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী সনদ না থাকায় স্টেশন রোডের কাকলী বেকারিতে ৫ হাজার, রেলগেট এলাকার মাজেদুর দই ঘরে এক হাজার ও ফজলু দই ঘরে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জয়পুরহাট প্রতিনিধি
সাম্পানভর্তি চোরাই ডিজেল জব্দ, আটক ৩
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ। আটকরা হলো-সুফিয়ান, হোসেন ও হাসমত। রোববার রাতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় একটি সাম্পান জব্দ করা হয়। চট্টগ্রাম ব্যুরো
শ্যামনগরে পাউবো বাঁধে ভয়াবহ ভাঙন
শ্যামনগরে নদীবেষ্টিত পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে জনগণের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। ভারি বর্ষণে কামালকাটিতে পাউবো বাঁধে এক হাজার মিটার, পাতাখালীতে ৪শ মিটার নদীতে ধসে গেছে। যে কোনো মুহূর্তে সমগ্র ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি








