ব্রাজিলের পরাজয়ে হাসপাতালে ২ শিক্ষার্থী
বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের পর সোমবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুই শিক্ষার্থী। তারা হলেন-২০২১-২০২২ সেশনের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্রী মাশরুফা শারমীন অ্যানি এবং একই বিভাগের ছাত্র কামরুল হাসান তুষার। ম্যাচ শেষে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জাককানইবি প্রতিনিধি
মাধবপুরে রাস্তার পাশে মিলল নবজাতক
মাধবপুরের উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর সড়কের পাশে পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে সোমবার ভোরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। খবর ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে ৩ দাবিতে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন
হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর সড়কে শ্রমিক নির্যাতন বন্ধ, ডিসেম্বরের মধ্যে সাধারণ সভার আয়োজন ও শ্রমিক সংগঠনের নির্বাচনের দাবিতে সোমবার দুপুরে পৌর বাস টার্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, দীর্ঘদিন ওই সড়কে সাধারণ শ্রমিকদের নির্যাতন করে আসছেন মৌলভীবাজারের শ্রমিক-মালিকরা। অবিলম্বে শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। হবিগঞ্জ প্রতিনিধি
বরিশালে ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় আটক ৪
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে সোমবার দুপুরে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-নগরীর কালীবাড়ি রোড এলাকার হাসান মাহমুদ খান, একই এলাকার আব্দুল্লাহ আল তামিম, প্রতিম আচার্য এবং হৃদয় দাস। কয়েকজন যুবক ওই স্কুলের সামনে বসে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করেন। বরিশাল ব্যুরো
কুলাউড়া পৌরসভায় ৯৮ কোটি টাকার বাজেট
কুলাউড়া পৌরসভায় সোমবার বিকালে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক সানজিদা আক্তার ওই বাজেট ঘোষণা করেন। কোনো প্রকার নতুন করারোপ ছাড়াই ওই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি এক লাখ ৪০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকা। কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
দেওয়ানগঞ্জে নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সোমবার এইচএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সরকারি এ কে মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও শাহ জাহুরুল হোসেন কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকলের কাগজ পান। জামালপুর প্রতিনিধি








