বাসে মোবাইল ছিনতাই চক্রের হোতা সাইফুল

চট্টগ্রামে বাসে যাত্রীর মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নিজ এলাকা পটিয়ার কোলাগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম ব্যুরো

স্ত্রীর ওপর অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ

পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার বাগজানা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে ও রাজমিস্ত্রি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রমের সময় আশরাফুল প্লাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাট প্রতিনিধি

মাদকাসক্তের ছুরিকাঘাতে বিএনপি সম্পাদক আহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসহ ধরিয়ে দেওয়ায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কেথুড়ী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাজার এলাকা থেকে ইয়াবাসহ আটক দুই যুবককে জনতা পুলিশের কাছে সোপর্দ করে। বাগ্বিতণ্ডার সময় রাজু নামে এক যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ওই বিএনপি নেতা আহত হন। রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বাইক থেকে ছিটকে গুরুতর আহত কিশোর

কসবায় মোটরবাইক থেকে ছিটকে প্রিয়ন্ত সাহা (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার শাহপুর গ্রামের কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত প্রিয়ন্ত নবীনগরের জিনুদপুর গ্রামের রতন সাহার ছেলে। সে কসবা উপজেলার খেওরা গ্রামে মামার বাড়িতে থেকে স্থানীয় ‘আল মদিনা কাপড়ের দোকানে’ কর্মরত ছিল। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কটিয়াদীতে ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গ্রেফতার

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে অভিযানে ওবায়দুল কাদের সোহাগ (৪০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কটিয়াদী বাজারের কলেজ রোডে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সোহাগ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় মাদককাণ্ডে যুবদল সম্পাদককে অব্যাহতি

টুঙ্গিপাড়ায় মাদক সংশ্লিষ্টতায় যুবদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অভিযুক্ত মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। মাদকসেবনের ভিডিও ভাইরালের পর তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো। গোপালগঞ্জ প্রতিনিধি

দুর্গাপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

দুর্গাপুরের চারিয়া মাসকান্দায় মাদকের বিস্তার রোধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার সুমন মার্কেটের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ইউপি সদস্য হযরত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-ইমাম মাওলানা আব্দুল কাদির, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, ওলামা দলের সভাপতি আব্দুল জলিল। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

ট্রেনের যাত্রী সেজে ছিনতাই, ১১ নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার ১১ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-সেলিনা বেগম, সাফিয়া বেগম, সুলেমা বেগম, আবুনী বেগম, শাহানা বেগম, লাকি আক্তার, শাহানা বেগম (২), সাথি আক্তার, আঁখি আক্তার, রাহালা বেগম ও সুজনা আক্তার। তাদের সবার বাড়ি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে। তারা ট্রেনে যাত্রী সেজে উঠে গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ছিনতাই করত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চায়না জালে আটকা অজগর সুন্দরবনে অবমুক্ত

শরণখোলার লাকুড়তলা গ্রামের একটি ধানখেত থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে সাপটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার। নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়েছিল অজগরটি। ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি