চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

পটিয়ায় চাঁদা দিতে রাজি না হওয়ায় সোমবার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় মামুন সিকদার নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত মামুন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। মামুন বালুর ব্যবসা করেন। সোমবার দুপুরে আশিয়া ইউনিয়ন এলাকার সোহেল তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে মামুন অস্বীকৃতি জানায়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিতে জরিমানা

ছাগলনাইয়া জমদ্দার বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মঙ্গলবার তিনটি ফার্মেসিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাউন ফার্মেসি, সিটি মেডিকেল হল ও জননী মেডিকেল হলে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। ফেনী প্রতিনিধি

হরিপুরে কোটি টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

হরিপুর সীমান্ত এলাকায় সোমবার অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ভারতে পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৪৫ লাখ টাকা। আটকরা হলো- হাসান আহাম্মদ ও নাজমুল। উপজেলার তিন নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ অভিযান চালানো হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি

ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবি

ঝিনাইদহ সদরে আবাসিক এলাকা ও তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে সোমবার কাশিমপুর গ্রামের মহাসড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মহাসড়কের পাশে তিন ফসলি জমিতে ইউনুস আলী নামে এক ব্যবসায়ী মিল নির্মাণ করছে। তাদের দাবি, মিলটি নির্মিত হলে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং স্থানীয় বাসিন্দার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। ঝিনাইদহ প্রতিনিধি

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, উদ্ধার ১২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি জাহাজের ধাক্কায় মঙ্গলবার ভোরে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কর্ণফুলী চ্যানেলের নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়াল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২। কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার, আসামি ১

সোনাতলায় অপহৃত কিশোরীকে সোমবার বিকালে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণ মামলার প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার তেকানী গ্রামের ভিকটিম ২৯ মে বাড়ির পেছনে রাস্তায় ঘুরতে বের হয়। এ সময় প্রধান আসামি ইমরান তাকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর দাদা ১ জুন থানায় মামলা করেন। বগুড়া ব্যুরো

সেনবাগে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সেনবাগে দীর্ঘদিনের অবহেলিত চিলাদী-ছাতারপাইয়া সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে ছাতারপাইয়া বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি