বরিশালে নির্বাচনে প্রার্থী হতে ভুয়া ভর্তি
বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণ করতে দুই শিক্ষার্থীকে ভুয়া ভর্তি করিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বরিশাল সদরের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বদিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নির্বাচনে অংশ নিতে ওই এলাকার রেজাউল করিম ও আরিফুর রহমান তাদের দুই সন্তানকে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়েছে। তবে বাস্তবে তারা কখনো ওই স্কুলে যায়নি। বরিশাল ব্যুরো
মাদকের ভিডিও ভাইরাল, জিয়া মঞ্চের আহ্বায়ক বহিষ্কার
আগৈলঝাড়ায় জিয়া মঞ্চের আহ্বায়ক হালিম মারামাতের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় তার দলীয় ও প্রাথমিক সব সদস্যপদ স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে চিঠির মাধ্যমে তার পদ স্থগিত করে জেলা উত্তর জিয়া মঞ্চের সভাপতি তালুকদার বিপ্লব ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
গোপালপুরে খাদ্যবান্ধবের চাল মজুতে কারাদণ্ড
গোপালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে কালোবাজারির উদ্দেশ্যে রাখার অভিযোগে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোমবার দুপুরে কুদ্দুসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুদ্দুসের বাড়ি উপজেলার আলমনগর গ্রামে। ২০২১ সালের ২০ এপ্রিল পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাসের দাবিতে হাতেম আলী কলেজে অবরোধ
বাসের দাবিতে মঙ্গলবার সকালে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অবস্থান ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পর্যাপ্ত বাস চালুর পাশাপাশি এর আগে দেওয়া ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। প্রায় ১১ হাজার শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ কলেজে বর্তমানে যাতায়াতের জন্য কার্যকর কোনো বাস নেই। এতে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের শিক্ষার্থীরা। বরিশাল ব্যুরো








