দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদকসম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেন না। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে রাজনীতিবিদেরা নীরব থাকেন। কারণ, নির্বাচনের আগে রাজনীতিবিদেরা ব্যবসায়িক সিন্ডিকেটদের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্য বাড়ায়, তখন রাজনীতিবিদেরা চোখে কাঠের চশমা পরে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলেন, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলব। সংসদে যদি আপনি আমাদের কথা বলতে না দেন, আমরা সংসদের বাইরে কথা বলব।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।