‘আয়নাবাজি’ দিয়ে আলোচনায় আসার পর নতুন কোনো সিনেমা নিয়ে তেমন আলোচনায় ছিলেন না অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে গত ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা সেন’ সিনেমা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন এ অভিনেত্রী। নিজের অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘এখন সবার ঝুলিতেই ভালো ভালো সিনেমা জমা হচ্ছে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। সংখ্যা কম হলেও দারুণ কিছু কাজ এরইমধ্যে জমা হয়েছে। এতে আমার নিজের যেমন আরও ভালো কিছু করার ক্ষুদা বেড়েছে তেমনি দর্শকদের প্রত্যাশাও বেড়েছে।’ তবে সিনেমা নারীকেন্দ্রিক বা অভিনেত্রীদের অভিনয় প্রশংসা কুড়ালেও বরাবরই নায়কদের প্রাধান্য দেওয়ার একটা চর্চা ইন্ডাস্ট্রিতে রয়েছে। বিষয়টি নিয়ে অনেকটা হতাশা প্রকাশ করে নাবিলা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে শুরু থেকেই নায়কদের নাম আগে বলা হয়। নায়িকারা যত ভালোই করুক প্রাধান্য নায়ককেই দেওয়া হয়। আমার মনে হয়, এখন সময় এসেছে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার।’








