মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে তার শিক্ষাব্যবস্থার ভিত্তির ওপর। তাই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
৬ জুলাই টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে গুরুত্বারোপ করেছে এবং নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন।
তিনি বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন পরিবেশ ও শিক্ষার মান নিশ্চিত করতে হবে, যাতে অভিভাবকরা আস্থার সঙ্গে তাদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করাতে আগ্রহী হন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, শিক্ষক নেতারা, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একই দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে সখীপুর বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে তিনি বাসাইল উপজেলায় অনুষ্ঠিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
মন্ত্রী দেশের শিক্ষা ও পল্লী উন্নয়নকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ভিত্তি উল্লেখ করে এ দুটি খাতের উন্নয়নে সরকার গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এনএইচআর








