দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়। আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির সভাপতি মো. রেজাউল হক এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র নিশ্চিত করেছে। এর আগে, ২২ জুন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে এই সার্চ কমিটি গঠন করা হয়। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়ম অনুযায়ী, এই সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়োগ দেবেন। পাঁচ সদস্যের এই সার্চ কমিটিতে সভাপতি মো. রেজাউল হক ছাড়াও সদস্য হিসাবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। আইন মোতাবেক, সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ন্যূনতম দুজন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে চূড়ান্ত নিয়োগ দেবেন।








