জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবার ও আন্দোলনকারীরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডিত সাত আসামির সবাই পলাতক।

রায় ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ উপস্থিত ছিলেন জুলাই শহীদ মেহেরুন্নেসা তানহার বাবা মোশারফ হোসেন। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, রায়ে তিনি সন্তুষ্ট। রায়ে পাঁচ আসামির সম্পত্তির অর্ধেক জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের দেওয়ার জন্য বলা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে যেন তা জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। দণ্ডিত পলাতক আসামিদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবিও জানান মোশারফ হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। তিনি এই মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ১৫ সেপ্টেম্বর

এই মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। রায় ঘোষণার পর তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সব আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন মাহিন সরকার। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই রায়ের পরিপূর্ণ বাস্তবায়ন হলেই কেবল তাঁদের আকাঙ্ক্ষা মিটবে। তাঁরা মনে করেন, আদালতের নির্দেশনা অতি দ্রুত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। দণ্ডিত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত এই রায় কার্যকর করা হবে।

ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত

রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারও এই মামলায় সাক্ষী দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে যাঁরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন; এই রায় তাঁদের আত্মাকে সন্তুষ্টি দেবে।