পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ছয় হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে 'জলতরঙ্গ' নামের একটি ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ার পর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে ডাকের মাধ্যমে এটি বিক্রি করা হয়।

ট্রলারের জেলে কাদের মাঝি বলেন, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি জালে ওঠে। পরে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থিত মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে আনা হলে ডাকের মাধ্যমে স্থানীয় খুচরা পাইকার রহমান এটি কিনে নেন।

জেলে কাদের মাঝি আরও বলেন, নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিকেই এত বড় একটি ইলিশ পাওয়ায় খুব খুশি। ট্রলারে ধরা মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।

মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান বলেন, ‘বড় আকারের হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের মোট বিক্রয়মূল্য হয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য নিঃসন্দেহে সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ মিলছে। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি, আগামী দিনে সরবরাহ আরও বৃদ্ধি পেলে বাজারে ইলিশের দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।’

আসাদুজ্জামান মিরাজ/এসজেডএইচ/এএসএম