সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের পুশইনচেষ্টার শিকার সাত নারী-পুরুষ শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

বিজিবি জানায়, উপজেলার কালাইরাগ সীমান্তের ১২৫২ মেইন পিলারের ৩৩নং সাবপিলারের কাউয়ারটুক এলাকা দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

বিজিবি-৪৮ ব্যাটালিয়ন সিলেটের লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘আমাদের বিজিবির সদস্যরা পুশইন চেষ্টা প্রতিহত করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির প্রবল বাধার মুখে পুনরায় তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়েছে।