সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শনিবার বিকেলে রিয়াদের অলাইয়া এলাকার একটি ভবনে নির্মাণকাজের সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে গতকাল রোববার ওই দুই যুবকের পরিবার বিষয়টি জানতে পারে।
নিহত দুজন হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের জয় আহমদ (২৬) ও খাগাইল গ্রামের মোহাম্মদ মোতাহার হোসাইন (৩২)। তাঁরা সৌদি আরবে শ্রমিকের কাজ করতেন।
জয় আহমদের বাবা মাসুক মিয়া বলেন, জয় ২০২২ সালে সৌদি আরবে যান। এরপর আর দেশে ফেরা হয়নি। সম্প্রতি তাঁর দেশে ফেরার কথা ছিল। পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়ের প্রস্তুতি চলছিল। রোববার সকালে সৌদি আরবে থাকা এক স্বজন ফোন করে দুর্ঘটনা ও মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ‘এখন আমাদের একটাই চাওয়া, সরকার যেন যত দ্রুত সম্ভব আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহায়তা করে।’
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে ওই দুই যুবকের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সহায়তা চেয়ে আবেদন করেছে।








