সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পেয়েছে পরিবার।

নিহতরা হলেন- উপজেলার গণিপুর গ্রামের খলিফা বাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টার দিকে প্রাইভেট কারে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করত। তারা দুজনই রিয়াদ শহরে মালামাল কিনতে গিয়েছিল। ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সজীব ও সুজন মারা যায়।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, পরিবারের আবেদন পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে।