রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রতারণা, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে ১৬ ও ডিএমপির বিশেষ অভিযানে ৬৮সহ ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের গ্রেফতার করে।
অন্যদিকে জুন মাসে রাজধানীতে বিশেষ অভিযানে ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬ : আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী প্রতারকচক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)। তারা হলো-বাবলু ওরফে সূর্য, শাহিন, তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নিরব রানা, লিখন ওরফে ইমন ও শাকিল রানা।
সাত ছিনতাইকারী গ্রেফতার : তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
যাত্রাবাড়ীতে ৩ মাদক কারবারি গ্রেফতার : যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ২৫ পুরিয়া হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জুনে রাজধানীতে গ্রেফতার ২৩১৪ : ডিএমপির বিভিন্ন ইউনিটের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।








