বিশ্ব কাবাব দিবস
রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ—বিশ্বজুড়ে মাংসের তৈরি কাবাবের কদর ও জনপ্রিয়তা নতুন কিছু নয়। কয়লার আগুনে পোড়া মাংসের ধোঁয়াটে সুবাস আর জিভে জল আনা স্বাদ ভোজনরসিকদের সব সময়ই টানে। ঐতিহ্যবাহী খাবারের জনপ্রিয় আন্তর্জাতিক ফুড গাইড ও ম্যাগাজিন টেস্টএটলাস সম্প্রতি স্বাদের দিক থেকে বিশ্বের সেরা ৫৯টি কাবাবের একটি তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকায় অন্য সব দেশকে বহুদূরে ফেলে একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে তুরস্ক।
৫৯টি সেরা পদের মধ্যে সর্বোচ্চ ২১টি পদ একাই দখল করে নিয়েছে তুরস্কের বিভিন্ন ঐতিহ্যবাহী কাবাব। এ ছাড়া তালিকায় ইরানের ১৩টি, ভারতের আটটি, পাকিস্তানের তিনটি কাবাবসহ এশিয়ার বেশ কিছু দেশের কাবাব স্থান পেয়েছে। বিশ্ব কাবাব দিবসে জেনে নিন টেস্টএটলাসের তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা তুরস্কের সেরা কয়েকটি কাবাব সম্পর্কে।
ওলতু চাগ কাবাব
তালিকার শীর্ষে রয়েছে উত্তর-পূর্ব তুরস্কের এরজুরুম প্রদেশের ওলতু অঞ্চলের এই কাবাব। এটি তৈরি করতে ভেড়ার মাংস অল্প মসলা ও লবণে মেরিনেট করে শিকে গেঁথে কাঠকয়লার আগুনে ধীরে ধীরে রোস্ট করা হয়। বাইরের অংশ সোনালি হয়ে এলে পাতলা করে কেটে গরম গরম পরিবেশন করা হয়।
তোমবিক দোনার কাবাব
এটি তুরস্কের জনপ্রিয় একটি স্ট্রিটফুড। গোলাকার নরম পিদে রুটির মধ্যে পাতলা করে কাটা মাংস ভরে এর সঙ্গে টমেটো, পেঁয়াজ, লেটুস ও বিভিন্ন সস যোগ করে পরিবেশন করা হয়। বাইরে হালকা মুচমুচে আর ভেতরে নরম রুটির সঙ্গে রসালো মাংসের স্বাদ একে জনপ্রিয়তা দিয়েছে।
চোকের্তমে কাবাব
এটি তুরস্কের বোদরুম অঞ্চলের ঐতিহ্যবাহী কাবাব। মেরিনেট করা গরুর মাংস ভেজে চিকন আলুভাজার ওপর এটি পরিবেশন করা হয়। সঙ্গে থাকে রসুন মেশানো দই ও টমেটো সস। স্বাদের পাশাপাশি পরিবেশনের নান্দনিকতাও এই কাবাবকে আলাদা পরিচিতি দিয়েছে।
আলিনাজিক কাবাব
এটি তুরস্কের গাজিয়ানতেপ অঞ্চলের বিখ্যাত একটি কাবাব। ধোঁয়ায় পোড়ানো বেগুন, ঘন দই ও রসুন মিশিয়ে তৈরি মসৃণ পিউরির ওপর গ্রিল করা খাসির মাংস বা কিমা পরিবেশন করা হয়। ধোঁয়াটে বেগুনের স্বাদ ও রসালো মাংসের অনন্য সংমিশ্রণে এই কাবাবকে তুরস্কের অন্যতম জনপ্রিয় খাবারে পরিণত করেছে।
ইসকেনদার কাবাব
তুরস্কের বুসরা শহরের বিশেষ একটি খাবার এই কাবাব। এর নামকরণ করা হয়েছে ইস্কান্দার এফেন্দি নামের এক কসাইয়ের নামানুসারে। যিনি প্রথম এই সুস্বাদু পদ তৈরি করেছিলেন। এতে থাকে গ্রিল করা ভেড়ার মাংসের পাতলা টুকরা, যা মসলাদার টমেটো সস ও পিটা রুটির সঙ্গে পরিবেশন করা হয় এবং খাওয়ার সময় এর ওপর ভেড়ার দুধের মাখন ছড়িয়ে দেওয়া সেখানকার ঐতিহ্য।
আদানা কাবাব
এটি শিকে গেঁথে তৈরি মাংসের একটি জনপ্রিয় পদ। যার নামকরণ হয়েছে তুরস্কের অন্যতম বিখ্যাত কাবাব শহর আদানার নামানুসারে। ভেড়ার মাংসের কিমা ও লেজের চর্বির সঙ্গে রসুন, পেঁয়াজ, পাপরিকা ও ঝাল লাল মরিচের গুঁড়া মিশিয়ে এই কাবাবের মিশ্রণটি তৈরি করা হয়। যার ফলে কাবাবটি গাঢ় লাল রং ও ঝাল হয়ে থাকে।
সাধারণত এটি বড় ও চ্যাপ্টা শিকের গায়ে জড়িয়ে গ্রিল বা ঝলসানো হয়। প্রস্তুত হয়ে গেলে গ্রিল করা মাংসটি একটি বড় পাত্রে পিটা রুটি, মরিচ ও টমেটোর ওপর পরিবেশন করা হয়। প্রথাগতভাবে এর সঙ্গে আইরান নামের দই দিয়ে তৈরি নোনতা স্বাদের এক ধরনের পানীয় পরিবেশন করা হয়।
সূত্র: টেস্টএটলাস








