আর্জেন্টিনার স্বাধীনতা দিবসের প্রার্থনা সভায়ও উঠে এলো লিওনেল মেসির নাম। জাতীয় ঐক্যের আহ্বান জানাতে গিয়ে চার বছর আগে বিশ্বকাপ জয়ের পর দেওয়া মেসির একটি বার্তার উদ্ধৃতি দিয়েছেন দেশটির আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা।

৯ জুলাই আর্জেন্টিনার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বুয়েনস এইরেসের ক্যাথেড্রালে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। বক্তব্যের একপর্যায়ে দেশবাসীকে বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানাতে মেসির সেই বহুল আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কথা স্মরণ করেন আর্চবিশপ।

আরও পড়ুন

লিওনেল মেসি, যাকে বহন করে গোটা একটি প্রজন্ম

কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে মেসি লিখেছিলেন, ‘যখন আমরা আর্জেন্টাইনরা একসঙ্গে লড়াই করি, ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা কিছু করার জন্য মনস্থির করি, তা অর্জন করতে সক্ষম হই।’

সেই বক্তব্যের ধারাবাহিকতায় আর্চবিশপ বলেন, ‘আসুন, আমরা এই জার্সি পরি এবং আবেগের সাথে লিওনেল মেসির একসময় সামাজিক মাধ্যমে পোস্ট করা বার্তাটি বাস্তব করে তুলি।’

আরও পড়ুন

নকআউটে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড মেসির

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর ৩-২ গোলের জয়ের মাত্র দুই দিন পর। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। আগামী ১২ জুলাই (বাংলাদেশ সময় সকাল ৭টা) শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

কাতারের পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন মেসি। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এরই মধ্যে টুর্নামেন্টে ৮ গোল করেছেন। নিজের ষষ্ঠ ও সম্ভবত শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই এগিয়ে চলেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়ক।

এসকেডি/এমএমকে