২০২৬ বিশ্বকাপ এখন প্রায় শেষ পর্যায়ে। শিরোপার লড়াই যত জমে উঠছে, ততই আলোচনার কেন্দ্রে চলে আসছে রেফারিংয়ের নানা বিতর্কিত সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ফুটবলের অন্যতম স্পষ্টভাষী ব্যক্তিত্ব জ্লাতান ইব্রাহিমোভিচ। লিওনেল মেসিকে ঘিরে সমালোচনা এবং রেফারিং নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়ের পর দলটি এবং বিশেষ করে মেসিকে ঘিরে যে সমালোচনার ঝড় ওঠে, তার বিরোধিতা করেছেন ইব্রাহিমোভিচ। তার দাবি, সমালোচনার লক্ষ্য আর্জেন্টিনা নয়, বরং মেসি।
এসেনশিয়ালিস্পোর্টস-এর বরাতে তিনি বলেন, ‘এখন আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিশ্চিত, আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা আর্জেন্টিনার বিরুদ্ধে নয়; সেটি ছিল সরাসরি মেসিকে লক্ষ্য করে।’
সাবেক এসি মিলান স্ট্রাইকারের মতে, বিতর্কিত রেফারিং নিয়ে আলোচনা এখন আর শুধু ন্যায্যতা বা খেলাধুলার স্বার্থে সীমাবদ্ধ নেই। সুযোগ পেলেই মেসির অর্জনকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।তার মতে, একই ধরনের রেফারিং ভুল অন্য বড় ম্যাচে হলেও ততটা আলোচনা হয় না। কিন্তু কোনো সিদ্ধান্ত যদি মেসি বা আর্জেন্টিনার পক্ষে যায়, তখনই সেটি নিয়ে সমালোচনা অনেক বেশি হয়।
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রসঙ্গ টানেন ইব্রাহিমোভিচ। তার দাবি, কিলিয়ান এমবাপের প্রথম গোলের আগে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিওর হ্যান্ডবল হয়েছিল, ‘এমবাপের গোলের আগে আমরা স্পষ্ট হ্যান্ডবল দেখেছি। ওই গোলটি বাতিল হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।’
ঘটনাটি নিয়ে মরক্কোর খেলোয়াড় ও কোচিং স্টাফ প্রতিবাদ জানালেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পরও গোলের সিদ্ধান্ত বহাল থাকে। ইব্রাহিমোভিচ প্রশ্ন তুলেছেন, যারা এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছিলেন যে ফিফা মেসি ও আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে, তারা এখন কোথায়, ‘যারা বলছিল মেসি ফিফার পূর্ণ সমর্থন পাচ্ছেন, তারা এখন কোথায়? তারা যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে।’
তার মতে, বিষয়টি কখনোই শুধু রেফারিংয়ের মান বা প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে ছিল না। বরং মেসি ও আন্তর্জাতিক ফুটবলে তার সাফল্যের প্রতি দীর্ঘদিনের বিরূপ মনোভাব থেকেই অনেক সমালোচনা আসে।
সবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকদেরও একহাত নেন ইব্রাহিমোভিচ, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা খুবই আবেগপ্রবণ। তারা কোনোভাবেই মেসিকে মেনে নিতে পারে না,’।
ইব্রাহিমোভিচের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেসি-রোনালদো দ্বৈরথ যে এখনো সমর্থক, বিশ্লেষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় বড় প্রভাব ফেলছে, সেটিও আবার সামনে চলে এসেছে।
এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং, ভিএআর, সিদ্ধান্তের ধারাবাহিকতা এবং পক্ষপাতিত্বের অভিযোগও টুর্নামেন্টজুড়ে আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে।
আরএএইচইউএল/এসকেডি/জেএইচ








