নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া আক্তার (২৩) নামের এক গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে ভিকটিমের স্বামী পরিচয়ে বসবাসকারী অজ্ঞাত ব্যক্তি ও ৬ বছর বয়সি শিশু পলাতক রয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টায় মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের বাড়ির ভাড়া দেওয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ভিকটিম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে। এদিকে স্বামী পরিচয়ে একসঙ্গে বসবাস করা ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। সবশেষ গত ১ জুলাই তার ৬ বছর বয়সি মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে টিনশেড ঘর ভাড়া নেন। ভাড়া নেওয়াকালীন বাড়ির মালিকের নিকট ভিকটিম নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও সঙ্গে থাকা ওই ব্যক্তির পরিচয়পত্র দেননি। মালিকপক্ষকে বলা হয়েছিল পরবর্তীতে গ্রাম থেকে এনে পরিচয়পত্র দেওয়া হবে। এরপর থেকে প্রতিবেশীরা তাদের চলাফেরা করতে দেখেছেন। কিন্তু গতকাল রাতে ঘরের ভেতর খাটের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অপরদিকে নিহতের স্বামী পরিচয়ে বসবাসকারী ব্যক্তিকে শনাক্ত করা ও শিশুকন্যার সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। পরিবারের কোনো সদস্য না আসার কারণে এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি।
মো.আকাশ/কেজে/এএসএম







