যশোরে গৃহবধূ ছামিনা আক্তার শাম্মি হত্যার ঘটনায় গ্রেফতার স্বামী সোহানুর রহমান সুজনের দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানিয়েছেন শেখ শফিয়ার রহমান মডেল অ্যাকাডেমির শিক্ষার্থীরা। মঙ্গলবার শহরের মুজিব সড়কে অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। শিক্ষার্থীরা জানান, ছামিনা আক্তার শাম্মি শেখ শফিয়ার রহমান মডেল অ্যাকাডেমির সাবেক ছাত্রী। তিনি ২০২৩ সালে এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হন। তারা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজপথে নেমেছেন। অবিলম্বে ঘাতককে দ্রুত বিচার আইনে সাজা দেওয়া না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া দশম শ্রেণির ছাত্রী মিমিয়া ইসলাম তৃপ্তি বলেন, ‘শাম্মি আপু আমাদের সিনিয়র এবং মেধাবী ছাত্রী ছিলেন। সুজন তাকে ছলাকলা করে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে মাত্র চার মাসের মাথায় নৃশংসভাবে হত্যা করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ প্রসঙ্গত, ৮ জুন যশোরের শেখহাটি তমালতলা এলাকায় নেশার টাকা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সুজনের ছুরির আঘাতে স্ত্রী শাম্মির মৃত্যু হয়। পরে ঘাতক নিজের শরীর ক্ষত-বিক্ষত করেন। জানা যায়, চার মাস আগে প্রেম করে যশোর সদরের তরফ নওয়াপাড়া এলাকার শফিয়ার রহমানের মেয়ে ছামিনা আক্তার শাম্মিকে বিয়ে করেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা শান্তিনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সোহানুর রহমান সুজন।