নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার দেখিয়ে দুই পুলিশসহ চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।
শনিবার (৪ জুলাই) রাতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলমা, সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যায়। ওই সময়ে তারা স্বর্ণের গহনা চুরি করে। ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারের প্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়। পরে পুলিশ এই ঘটনায় এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেফতার করে। একই সঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় এক বাড়িতে সোর্স নিয়ে সাদা পোষাকে মাদক বিরোধী অভিযান চালানোর সময়ে দুই সোর্সসহ ওই দুই পুলিশকে গণপিটুনি দেয় লোকজন। এসময় জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ চারজনকে থানায় নিয়ে যায়।
মোবাশ্বির শ্রাবণ/এসজেডএইচ/এএসএম








