আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এ ছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।
এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনা প্রতিপালনের স্বার্থে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার প্রত্যাশা করে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।








