বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারে ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় মহড়া স্থলে পৌঁছান। এসময় সেনাপ্রধান সেনাবাহিনীর রণকৌশল ও প্রস্তুতি প্রত্যক্ষ করেন।
মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।

এর আগে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এম শাহাজান/কেজে/এএসএম








