সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

আজ রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামই বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।