শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিন আলী (৩৪) স্থানীয় ফরহাদ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আমিন আলী স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন এবং প্রাইভেটকার চালাতেন। রবিবার গ্রামে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন তিনি। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়া হয়। এর জেরে রবিবার রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। ওই ঘটনার জেরে সোমবার দুপক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে আমিন আলী মারা যান।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।








