শেরপুরে সীমান্তবর্তী সড়কে গাছ ও পাহাড়ের মাটি ধসে পড়ে যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবার (১১ জুলাই) সকালের দিকে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ অফিস এলাকার পেছনে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শেরপুরের তিনটি উপজেলার পাশেই ভারতের মেঘালয় রাজ্য হওয়ায় এ এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাব বেশি পড়ে।

বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, ‘বৃষ্টির পানি এখান দিয়ে নামার কারণেই পাহাড়ধস হয়েছে। তবে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। শুধু রাস্তা বন্ধ হয়ে আছে। বৃষ্টি এখনো থেমে থেমে হচ্ছে।’

আরও পড়ুন

‌‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’

 

শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফেরদৌস মিয়া বলেন, ‘পাহাড়ধসের খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বালিঝুড়ি বন বিভাগের রেঞ্জ অফিসার মো. সুমন মিয়া বলেন, ‘পাহাড়ধসের ঘটনায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। সেগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সড়কটি সাময়িক বন্ধ রয়েছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। আশা করি খুব শিগগির সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

মো. নাঈম ইসলাম/এসআর