কোয়াটার ফাইনালের আগেই দর্শক হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশ। কানাডা ও মেক্সিকোর পর বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রও। সিয়াটলের লুমেন ফিল্ডে স্বাগতিকদের বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফিফাকেও দারুণ এক শিক্ষা দিল বেলজিয়াম। এই ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মামার বাড়ির আবদার’ রেখে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল ফিফা। বসনিয়ার বিপক্ষে আগের ম্যাচে সরাসরি লাল বার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে মাঠের বাইরে থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের। কিন্তু ট্রাম্পের এক ফোনেই বদলে যায় চিত্র। নজিরবিহীন সিদ্ধান্তে লাল কার্ডের শাস্তি স্থগিত করে বালোগানকে শেষ ষোলোয় খেলার সুযোগ করে দেয় ফিফা। পরে বেলজিয়ামের নিষাধাজ্ঞা বহালের আবেদনও খারিজ হয়ে যায়। এ ঘটনায় তেতে থাকা বেলজিয়াম মাঠে উজ্জীবিত ফুটবলে দিয়েছে দাঁতভাঙা জবাব। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। গত পরশু রাতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে স্পেন।
যাকে ঘিরে এত তোলপাড়, সেই বালোগান তেমন কিছুই করতে পারেননি ম্যাচে। পুরো ৯০ মিনিটে মাত্র ১৯ বার বল স্পর্শ করেন তিনি। ম্যাচের আগের ঘটনাপ্রবাহের প্রভাব নিশ্চিতভাবেই পড়েছিল যুক্তরাষ্ট্রের ফুটবলারদের মনস্তত্ত্বে। চাপে খেই হারিয়ে ফেলে গোটা দল। অন্যদিকে ট্রাম্প ও ফিফা সভাপতিকে হাসির পাত্র বানানোর পণ করেই যেন মাঠে নেমেছিল বেলজিয়াম। নিকোলাস রাসকিনের পাস থেকে নয় মিনিটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার চার্লস ডি কেটেলার। ৩১ মিনিটে ফ্রিকিকে গোল করে মালিক টিলম্যান ম্যাচে সমতা ফেরালেও যুক্তরাষ্ট্রের স্বস্তি দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলে বেলজিয়ামকে ফের এগিয়ে দেন কেটেলার। ৫৭ মিনিটে মার্কিন গোলকিপার ম্যাট ফ্রিজের অবিশ্বাস্য ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন হান্স ফানাকান। যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোমেলু লুকাকু। বদলি হিসাবে নেমে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করলেন বেলজিয়ামের এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
গোলের পর স্বাগতিকদের খোঁচা দিতে দুই হাত সামনে নিয়ে ট্রাম্পের ভঙ্গিতে নাচতে শুরু করেন লুকাকু। ভাইরাল হয়ে যাওয়া সেই উদ্যাপনে পরে যোগ দেয় পুরো দল। বেলজিয়াম ফুটবল ফেডারেশনও কম যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের স্কোরলাইন পোস্ট করে তারা লিখেছে, ‘পারলে এটা বদলান।’








