শিগগির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। বিকেল তিনটা থেকে শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন
শিক্ষামন্ত্রী / পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে
লিখিত প্রশ্নে খায়রুল কবির খোকন জানতে চান, বর্তমানে ৩৪ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এই পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে? শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হওয়ার কথা, বাস্তবে এই নীতিমালা মানা হয় কি না?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। শিগগির প্রধান শিক্ষকদের শূন্য পদে পদোন্নতি দেওয়ার হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হবে।
আরও পড়ুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান
মন্ত্রী জানান, শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। নতুন বিধিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। নতুন বিধিমালা তৈরি হওয়ার পর মামলাজনিত কারণে পদোন্নতি কার্যক্রম স্থগিত ছিল। মামলাটি নিষ্পত্তি হওয়ায় এখন নীতিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।
এমওএস/কেএসআর








