বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ডেন্টাল বিভাগে তীব্র শিক্ষক ও আবাসন সংকট নিরসনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কলেজের শহীদ মিনারের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় দ্রুত শিক্ষক ও আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবিগুলো মেনে না নিলে বুধবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে শনিবার ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে একই দাবিতে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তারা বলেন, এ কলেজের ডেন্টাল ইউনিটে অনুমোদিত ৫২ জন একাডেমিক শিক্ষকের পদ থাকলেও বর্তমানে মাত্র ১১ শিক্ষক দিয়ে সব ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে পাঠদান, ব্যবহারিক ক্লাস, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশের অন্যান্য মেডিকেল কলেজে ডেন্টাল বিভাগের জন্য পৃথক ভবন থাকলেও আমাদের আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। তাই আমরা ভবিষ্যতের সুচিকিৎসক হওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।