ভারতের রাজধানী নয়াদিল্লিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ১৭ দিন ধরে অনশন করায় তার শারীরিক অবস্থার চরম অবক্ষয় ঘটেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে।

তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক চাপ সৃষ্টিকারী দল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা সোমবার (১৩ জুন) রাতে সোনমের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’ স্লোগানে উত্তরায় বিক্ষোভ

অনশন শুরুর পর থেকে সোনম ওয়াংচুকের ওজন আট কেজিরও বেশি কমে গেছে। ভারতে দেশব্যাপী মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে তিনি এই অনশন করছেন। এই প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। হতাশায় বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যাও করেছেন।

শিক্ষার্থীদের আত্মহত্যার এই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন সোনম ওয়াংচুক। আন্দোলনস্থল থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে শিক্ষামন্ত্রীর কার্যালয়।

সরকারের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সোনম ওয়াংচুকের রক্তে শর্করার মাত্রা বারবার বিপজ্জনক স্তরে নেমে যাচ্ছে। তিনি ক্রমাগত মাথা ঘোরা এবং পেশী ক্ষয়ের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করলেও তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

সরকার সিজেপির সঙ্গে সংলাপে না বসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াংচুক। মঙ্গলবার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের দেওয়া এক উদ্ধৃতিতে ওয়াংচুক বলেন, ‘আমাকে অনশন ভাঙতে বলবেন না। সরকারকে জিজ্ঞেস করুন কেন তারা সংলাপে বসছে না।’

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক সরকারের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি কেমন সরকার? সোনম ওয়াংচুক এই দেশেরই সন্তান। তিনি নিজের কাজের মাধ্যমে ভারতের জন্য বিশ্বজুড়ে সম্মান এনেছেন।’

‘আজ তিনি দেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়াই করছেন। অথচ সরকার তার সঙ্গে কথা বলার জন্য কোনো মন্ত্রী বা প্রতিনিধি দল পাঠায়নি। সরকারের এই চরম উদাসীনতা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন

মন্ত্রীর কথোপকথন ভাইরাল / ‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’

সোনম ওয়াংচুকের এই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিজেপির মুখপাত্ররা ভারতের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ নাগরিকদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আগামী ২০ জুলাই যন্তর মন্তর থেকে ভারতের পার্লামেন্ট ভবন অভিমুখে একটি শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। সোনম ওয়াংচুকের সঙ্গে সংহতি জানিয়ে এই পদযাত্রায় অংশ নিতে দেশবাসীকে অনুরোধ করেছে দলটি।

সূত্র: ডয়েচে ভেলে
কেএএ/