উত্তর ফ্রান্স উপকূল থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একসঙ্গে ১২৮ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। একটি নৌকায় এত বেশি সংখ্যক মানুষের আগমন এ পর্যন্ত রেকর্ড বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদ সংস্থা পিএ এবং বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) মোট তিনটি নৌকায় করে ২২৫ জন অভিবাসী ইংল্যান্ডে পৌঁছেছেন।

এর মধ্যে একটি নৌকাতেই ছিলেন ১২৮ জন অভিবাসী। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি নৌকায় সর্বোচ্চ ১২৫ জন অনিয়মিত অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

আরও পড়ুন

যুক্তরাজ্যে ঐতিহাসিক হিলসবোরো আইন পাস

যদিও ১২৮ জনের সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ব্রিটিশ সরকার, তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মানবপাচারকারী চক্রগুলো আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকি নিচ্ছে। প্রতি বছর তারা চলাচলের অনুপযোগী ছোট নৌকাগুলোতে আরও বেশি মানুষ গাদাগাদি করে তুলছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুলাই মাসের শুরুতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কমেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৪৩৯ জন অভিবাসী অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

চ্যানেল পাড়ি ঠেকাতে গত এপ্রিল মাসে যুক্তরাজ্য ও ফ্রান্স তিন বছরের একটি নতুন চুক্তি সই করেছে। চুক্তির আওতায় ফরাসি উপকূলে টহল জোরদারের জন্য যুক্তরাজ্য ৭৭১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।

এদিকে, অভিবাসন নিরুৎসাহিত করা এবং বহিষ্কার প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে জুলাই মাসের শুরুতে ব্রিটিশ সরকার পার্লামেন্টে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা সংস্কারের একটি বড় বিল উত্থাপন করেছে। বিলটি উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমআরএম