সিলেটে প্রতারণার অভিযোগে মাকসুদা চৌধুরী (৫৬) নামের যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাকসুদা চৌধুরী মৌলভীবাজার জেলার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সিলেট কোতোয়ালি মডেল থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাকসুদা আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। তবে তাঁর বিদেশগমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি করে তাঁকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

মামলার বিবরণে জানা গেছে, আম্বরখানা মৌজার একটি জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে মাকসুদার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগকারী মো. শুকুর মিয়ার দাবি, বিবাদী পূর্বপরিকল্পিতভাবে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে তাঁর মেয়ের স্বামী প্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে ১ কোটি ২৩ লাখ টাকা নেন। অভিযোগ অনুযায়ী, ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা ও অতিরিক্ত ৮ লাখ টাকা নেওয়া হলেও পরে জমির দলিল সম্পাদন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন মাকসুদা চৌধুরী। একপর্যায়ে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেন। এ ঘটনায় অভিযোগকারী আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে।