বাংলাদেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে রাষ্ট্রের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-সাহিত্যিক, নাট্যজন এবং সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আসেন হাই কমিশনের প্রথম সচিব (রাজনৈতিক ও গণমাধ্যম) গোকুল ভি. কে। ফুল দিয়ে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের এই কূটনীতিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিল্পীর স্ত্রীকে আন্তরিক সমবেদনা জানান।
পরে সংক্ষিপ্ত বক্তৃতায় গোকুল ভি. কে. বলেন, ‘গুণী শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণে ভারতীয় হাই কমিশন ঢাকা গভীরভাবে শোকাহত। আমি ভারতের জনগণের পক্ষ থেকে তার পূণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’
তিনি বলেন, ‘তার বর্ণাঢ্য শিল্পী জীবন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার অতুলনীয় অবদান, সর্বোপরি তার অসাধারণ শিল্পকর্ম ভৌগলিক সীমারেখার উর্ধ্বে শিল্পের জয়গান করেছে। তার কর্মই আগামী প্রজন্মের মাঝে শিল্পীকে বাঁচিয়ে রাখবে।’
এর আগে শহীদ মিনারে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিশিষ্টজনরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।








