স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ে এনার্জি ক্যাটাগরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং গণিতে তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, পদার্থ ও জ্যোতির্বিদ্যা বিষয়ে পাবিপ্রবির অবস্থান দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ। একই অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতেও। সরকারি, বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৫তম।
এ বছর দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
গবেষণার প্রভাব, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিন সূচকের ভিত্তিতে সিমাগো র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এ বছর গণিতে দেশের শীর্ষে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), দ্বিতীয় হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এনার্জি ক্যাটাগরিতে শীর্ষ স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এদিকে বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির চার শিক্ষক স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই গণিত বিভাগের। তাঁরা হলেন অধ্যাপক ড.
নূর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, সহকারী অধ্যাপক এস এম রাইহানুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের এলসেভিয়ারের যৌথ গবেষণার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ১৪ জন শিক্ষক কর্মরত।
উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং প্রতিবছর বিশ্বের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে।








