প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করবেন। মন্ত্রীর ঘোষণার পরই সবার জন্য ওয়েবসাইটে ফল উন্মুক্ত করে দেওয়া হবে।
দুইভাবে প্রাথমিক বৃত্তির এ ফল জানা যাবে। প্রথমত- নির্ধারিত ওয়েবসাইটে https://ipemis.dpe.gov.bd/ প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।
দ্বিতীয়ত- ফল প্রকাশের পর যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জাগো নিউজকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা সত্য। কিছু জেলার ফল আগে বাইরে চলে গেছে। এটা নিয়ে আর কিছু করার নেই। তবে আজকে যে ফল প্রকাশ করা হবে, এটাই চূড়ান্ত। আশা করি, সবাই আজকের প্রকাশিত ফলাফল অনুসরণ করবেন।
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত
গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়।
২০২৫ সালের এ বৃত্তি মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।
এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত টানা দুই বছর সরকারের এই আর্থিক সহায়তা ও উপবৃত্তি সুবিধা ভোগ করবে।
এএএইচ/এমআরএম








