ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। রোববার (১২ জুলাই) এসব স্কুলের সকল শ্রেণির চলমান অর্ধবার্ষিক পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ (১২ জুলাই) নির্ধারিত সকল পরীক্ষা এবং সকল শ্রেণির পাঠদান স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষে নোটিশে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ও কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। রোববার মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি।
কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি থেমে থেমে বৃষ্টি চলছেই। দুর্যোগপূর্ণ এমন আবহাওয়ায় সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় বিভিন্ন স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন
চট্টগ্রাম বিভাগ / বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ
এদিকে, রাজধানীর আরও কয়েকটি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। দ্রুত ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় এখন পরীক্ষা চলছে। অভিভাবকরা এ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সন্তানকে নিয়ে বের হতে ভয় পাচ্ছেন তারা।

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক একটি গ্রুপে লিখেছেন, রাস্তায় পানি। কোনটা ড্রেন, কোথায় ঢাকনা আছে, কোথায় নেই; কিছুই বোঝা যায় না। এমন অবস্থায় বাচ্চাকে নিয়ে বের হতে ভয় লাগছে। স্কুল কি এক-দুদিন ছুটি দিয়ে খুব ক্ষতি হয়ে যাবে?
একই স্কুলের আরেকজন অভিভাবক সেখানে মন্তব্য করে লিখেছেন, ক্লাসে না গেলে তো জরিমানা আদায় করবে, নম্বর কেটে নেবে। এখন তো আবার পরীক্ষাও চলছে। অন্য অনেক স্কুল বন্ধ ঘোষণা করছে। আর ভিকারুন্নিসা কর্তৃপক্ষ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে এত দেরি করছে কেন?
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, স্কুলে তো পরীক্ষা চলছে। আমরা আলোচনা করে জানাবো। যদি স্থগিত হয়, তাহলে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
এএএইচ/এমআরএম








