কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকায় ৭৫ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আনোয়ার হোসেন ওই ইউনিয়নের মইদাম কানিবাড়ি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জাল টাকা দিয়ে গাঁজা ও ইয়াবা কিনে বাংলাদেশে এনে বিক্রি করতেন। ঘটনার দিনও একই উদ্দেশে সীমান্তের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সুযোগ পেলে ভারতে প্রবেশ করে মাদক কিনে আনার পরিকল্পনা ছিল তার।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আনোয়ার সীমান্তে মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা দায়ের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোকনুজ্জামান মানু/এনএইচআর/জেআইএম








